Header AD
Trending

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর! কলকাতা হাই কোর্টে অভিষেক

abhishek

ভোট প্রচারে করা ‘উস্কানিমূলক’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিক সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক। গত ২৭ এপ্রিল একটি জনসভায় তিনি বলেন, “৪ তারিখ রাত ১২টার পরে কে ওদের বাঁচাতে আসে, আমি দেখব। এই জল্লাদদের কত ক্ষমতা, আর দিল্লি থেকে কোন বাবা ওদের উদ্ধার করতে আসে, সেটাও দেখা যাবে।” এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত।বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিযোগ করেন, অভিষেকের বক্তব্য উসকানিমূলক এবং তা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়। অভিযোগের সঙ্গে বিভিন্ন সভায় অভিষেকের বক্তব্যের ভিডিও ক্লিপও জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মোট পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে অভিষেকের বিরুদ্ধে। এর মধ্যে দু’টি ধারা জামিন অযোগ্য বলেও জানা যাচ্ছে। এরপরই সোমবার কলকাতা হাই কোর্টে গিয়ে ওই এফআইআর বাতিলের আবেদন জানান তিনি। মামলাটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।