শনিবার বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা ঘিরে হঠাৎই চাঞ্চল্যের সৃষ্টি হয়। সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই মঞ্চের একাংশে আগুন লাগার ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় উপস্থিত জনতার মধ্যে। তবে দ্রুত পদক্ষেপে দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন না। তিনি আগেই নিজের বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা যায়। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিনের সভায় অভিষেক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানান। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ—সব ক্ষেত্রেই তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের সমালোচনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখাও দেন। রামনবমীতে রঘুনাথগঞ্জে অশান্তির ঘটনা নিয়েও এদিন সরব হন তিনি।
শনিবার সভা শেষ হওয়ার কিছুক্ষণ পর মঞ্চের উপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে দেখা যায়, মঞ্চের ছাউনির কাপড়ে আগুন লেগেছে। ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত দমকলকর্মীরা দ্রুত মঞ্চে উঠে আগুন নেভানোর কাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে আশপাশ এলাকা খালি করে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
উল্লেখ্য, এদিন লাভপুরের পর মুর্শিদাবাদের ভগবানগোলায় সভা করার কথা ছিল অভিষেকের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামতে না পারায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। পরে তিনি কলকাতায় ফিরে সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত নেন।





