Header AD
Trending

মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভা হাতছাড়া তৃণমূলের

Firhad Resign

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC)ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম( Firhad Hakim)। তিনি পুর কমিশনার স্মিতা পাণ্ডে-র কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

ইস্তফার পর ফিরহাদ  জানান, মেয়রের চেয়ার শুধুমাত্র একটি পদ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও সম্মান। তাঁর কথায়, এতদিন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, শুধু পদ আঁকড়ে বসে থাকা তাঁর উদ্দেশ্য নয়; বরং চেয়ারটির মর্যাদা রক্ষা করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র (Mamata Banerjee)ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ফিরহাদ। দলের দেওয়া বিভিন্ন দায়িত্বের পাশাপাশি মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৮ সালে কলকাতা পুরসভার ৩৮তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় আট বছর সেই পদে ছিলেন।

রাজনৈতিকভাবে কঠিন সময়ের মধ্যেও তিনি নিজের কেন্দ্র চেতলা থেকে জয়ী হয়েছেন। তবে সম্প্রতি নবান্নে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে তাঁর বৈঠক এবং সৌজন্য বিনিময় নিয়ে দলের অন্দরে কিছু অসন্তোষ তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। সেই ঘটনার পর দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে বলেও নানা মহলে জল্পনা ছিল।

ফিরহাদের পদত্যাগের ফলে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব আপাতত পুর কমিশনার স্মিতা পাণ্ডের হাতেই থাকবে। ভবিষ্যতে রাজ্য সরকার চাইলে প্রশাসক নিয়োগ করতে পারে। এদিকে, চলতি বছরের ডিসেম্বরে পুরভোট হওয়ার কথা থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্বাচন নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে।

ফিরহাদ হাকিমের এই পদত্যাগ কলকাতার নগর প্রশাসন ও রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।