Header AD
Trending

জমি দিয়েও মেলেনি ফ্ল্যাট! সোনা পাপ্পু-জয় কামদারের বিরুদ্ধে জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে নালিশ ভবানীপুরের অশীতিপরের

janata darbar

সাপ্তাহিক ‘জনতার দরবার’ কর্মসূচিতে সোমবার ফের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সকাল ৯টা থেকে সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে শুরু হওয়া এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে।

আবার জমি দিয়ে ফ্ল্যাট না পেয়ে মুখ্যমন্ত্রীর কাছে সোনা পাপ্পু- জয় কামদারের বিরুদ্ধে অভিযোগ জানাতে ছুটে যান ভবানীপুরের এক অশীতিপর বৃদ্ধ। পাশাপাশাপি এই দিন ২৬ হাজার ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে সুমন বিশ্বাস যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি কারিগরি শিক্ষাক্ষেত্রে স্থায়ী নিয়োগ পুনরায় চালুর আবেদন জানান মলয় সিংহ রায়।

এ দিন উপস্থিত ছিলেন ভবানীপুরের ৮১ বছর বয়সি প্রবীর মুখোপাধ্যায়ও। তাঁর অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য পৈতৃক জমি দেওয়ার পরেও প্রতিশ্রুত ফ্ল্যাট পাননি তিনি। জয় কামদার ও সোনা পাপ্পুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন ওই বৃদ্ধ। তিনি জানান, বর্তমানে স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে তাঁকে।মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন প্রবীরবাবু।মুখ্যমন্ত্রীও তাঁকে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বলে খবর।

ক্ষমতায় আসার পরই‘জনতার দরবার’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। বিজেপির তরফে জানানো হয়েছে, প্রতি সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সল্টলেকের দলীয় কার্যালয়ে সাধারণ মানুষের অভিযোগ শুনবেন তিনি।সেই কথা মতো গত সপ্তাহের পর এ সপ্তাহেও সেই কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী।

এ দিন বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ও শশী অগ্নিহোত্রী (Shashi Agnihotri)-সহ একাধিক নেতা। চাকরিপ্রার্থীদের প্রায় ১৫টি সংগঠনের প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ব্যাপক ভিড়ের কারণে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদের।