Header AD

হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার দাপট! স্যাঁতসেঁতে ঠান্ডায় শীতযাপন বাংলার

রবিবার কুয়াশার চাদরে মুড়ে সকাল হয়েছে কলকাতার। বস্তুত শনিবার থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে গোটা বাংলাই। সঙ্গে বইছে হিমেল হাওয়া। সব মিলিয়ে কনকনে একটা হিমেল আমেজ রয়েছে। হাওয়া দাপটে দিনের তাপমাত্রা তেমন মাথাচাড়া দিতে পারছে না। দিনের বেলাতেও খুবই মাফলারের কান মাথা ঢেকেছেন অনেকেই। তবে তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন কিন্তু হয়নি। আগামী ক’দিন সেভাবে জাতীয় শীতের ও সম্ভাবনা নেই, জানিয়েছে হাওয়া অফিস। এই স্যাঁতসেঁতে ভাবটা অবশ্য বজায় থাকবে।

শীতের ভরা মরশুমে উত্তর-পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমি ঝঞ্ঝাই হিমেল হাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। এ বার ঝঞ্ঝার জেরে পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশার বলয় তৈরি হয়েছে। রোদ না ওঠায় ‘ছদ্ম’ শীতের দাপট চলছে বাংলাজুড়ে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৫ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকারই সম্ভাবনা। ১৫–র নীচে নামার বিশেষ আশা নেই। তবে বড়দিনের ঠিক পরেই বদলাতে পারে পরিস্থিতি।তখন শীতের আমেজ বাড়বে। তবে পারদ কতটা নামবে, তা আরও দু’-এক দিন পরে স্পষ্ট হবে, মত হাওয়া অফিসের।