ভোটগ্রহণ শেষ হতেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (South 24 parganas) এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাত থেকেই একাধিক এলাকায় চাপা অশান্তির আবহ তৈরি হলেও বৃহস্পতিবার রাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তৃণমূলের (TMC) এক কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফের (ISF) বিরুদ্ধে। পাশাপাশি কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলমুড়ি এলাকায় গভীর রাতে তৃণমূল সমর্থক মহিবুল মোল্লার দোকানে আগুন লাগে। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে । এর পিছনে আইএসএফ কর্মীদের হাত রয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। তাদের দাবি, ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।
অন্যদিকে কৃষ্ণমাটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের অবশিষ্টাংশও উদ্ধার হয়েছে। সংঘর্ষের জেরে কয়েকটি মোটরবাইক ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে।
খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বোমাবাজির ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ভোটের ফল ঘোষণার আগেই নতুন করে অশান্তির আবহ তৈরি হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ভোট-পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন (ECI) প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে। কোথাও অশান্তির ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।




