Header AD
Trending

১০ দিন পর জামিনে মুক্ত গর্গ চট্টোপাধ্যায়, উচ্ছ্বসিত বাংলা পক্ষের সমর্থকরা

garga

প্রায় ১০ দিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা-সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলাতেই ইতিমধ্যে জামিন মিলেছে। ফলে জেল থেকে মুক্তি পেতে আর কোনও আইনি বাধা রইল না তাঁর। খুব শিগগিরই তিনি কারাগার থেকে বাইরে আসবেন বলে জানা গিয়েছে। এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাংলা পক্ষের সদস্য ও সমর্থকদের মধ্যে।

উল্লেখ্য, ভোট চলাকালীন ইভিএম সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গত ১২ মে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক ডিইও সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে লালবাজার থেকে তাঁকে দু’বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর প্রথমে তাঁকে লালবাজারের লক-আপে রাখা হয়। পরদিন আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়।জানা গিয়েছে, শুক্রবার ভারচুয়াল মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করা এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে ময়দান থানার মামলায় তিনি জামিন পেয়েছিলেন। এবার সাইবার থানার মামলাতেও জামিন মেলায় তাঁর মুক্তির পথ সম্পূর্ণ পরিষ্কার হল।