Header AD

২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে পশ্চিমবঙ্গের এসআইআর-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা

supplementary lisst

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে এসআইআর-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর- SIR) প্রক্রিয়ার এটাই হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার নতুন সূচি জারি করে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরে বৈঠক করার পরই সংশোধিত নির্দেশিকা প্রকাশিত হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে খবর। সোমবার শীর্ষ আদালত স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়ার নির্দেশ দেয়। আদালত জানায়, নথি যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও-ERO)। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, এ বিষয়ে মাইক্রো অবজারভারদের কোনও সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই।

কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানির মেয়াদ বাড়ানোর ফলে তা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এরপর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি প্রক্রিয়া। আগের সূচি অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, সময়সীমা বৃদ্ধির কারণে তা পিছিয়ে যায়। পরবর্তীতে কমিশন আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে। ওই দিনই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী ৭ ফেব্রুয়ারি ছিল এসআইআর শুনানির শেষ দিন এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। তবে আদালতের নির্দেশে পুরো প্রক্রিয়ার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।