Header AD

বাংলাজুড়ে বাড়ছে গরমের দাপট! রোদ আর আর্দ্রতায় হাসফাঁস দশা, কী সতর্কতা হাওয়া অফিসের?

heat weather

চৈত্রের শেষ লগ্নে বাংলার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী (Weather Update)। এদিকে ভোটের প্রচারের উত্তাপ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোদ আর গরমের দাপট। বৈশাখী দাবদাহের আগাম বার্তা যেন দিচ্ছে চৈত্রের খররোদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে (Weather Forecast)।

হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে এইমুহূর্তে মূলত শুষ্ক বাতাস ঢুকছে। এর জেরে বাড়ছে তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা। ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত গরমজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি অব্যাহত থাকবে। আপাতত স্বস্তির কোনও ইঙ্গিত নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

গোটা দক্ষিণবঙ্গজুড়ে আগামী দিনে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই কলকাতায় পারদ ৩৫ ডিগ্রি ছুঁয়েছে, আর জেলার বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরও বেশি রয়েছে। পরিস্থিতি এমন থাকলে চলতি সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিও পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম।

তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র গরমের মধ্যেও কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে দু’এক পশলা বৃষ্টি হলেও তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না, উল্টে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। আগামী তিন দিনে উত্তরবঙ্গজুড়ে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপরের চার দিনে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ।

তীব্র গরমের পরিস্থিতিতে কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসে তাপ ও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শিশু ও বয়স্কদের সমস্যার ঝুঁকি বেশি। তাই সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। তেষ্টা না পেলেও নিয়মিত বেশি করে জল পান করার কথা বলেছেন আবহবিদরা এবং চিকিৎসকরা।