Header AD

‘এই দিদি!’ শাহর কটূক্তির বিরুদ্ধে জয়নগরে তীব্র প্রতিক্রিয়া অভিষেকের

ab amit

“কালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে, একজন মহিলা, তাঁকে বলছে ‘এ দিদি’। ‘এ দিদি’, শুনেছেন? নারীদের প্রতি সম্মান! রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, বয়সে তাঁর থেকে কম করে দশ বছরের বড় – তাঁকে বলছে ‘এ দিদি’। ২০২১–এ ছিল ‘দিদি, ও দিদি’! আর ২০২৬–এ হলো ‘এই দিদি’! সে বার ছিলেন নরেন্দ্র মোদীর (Narendra Modi) আর এ বার অমিত শাহ (Amit Shah)।” ঠিক এই ভাষাতেই জয়নগরে সভা থেকে অমিত শাহকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুরনো ঘটনা স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী আগেরবার বলেছিল না, ‘ও দিদি’ – কি হয়েছিল? ৭৭-এ গাড়ি আটকে গেছিল। এবার ৫০-ও পার হবে না অমিত শাহ।” অভিষেকের কটাক্ষ- “যারা আমাদের ধমকাচ্ছে, চমকাচ্ছে – আমি বলব খুব গরম পড়েছে। দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মাথা ঠাণ্ডা রাখুন, জল বেশি করে খান।”

বুধবার দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের গড়দোয়ানি মোল্লারচক এইচ পি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে দলীয় প্রার্থী বিশ্বনাথ দাস এবং জয়দেব হালদারের সমর্থনে দিনের প্রথম জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “জয়নগর বিধানসভা কেন্দ্রে আমি মনে করি তৃণমূলের সব থেকে বড় সাফল্য – তৃণমূল ক্ষমতায় আসার পরে জয়নগরের মোয়া GI ট্যাগ পেয়েছে। এই GI স্বীকৃতি মেলায় শুধু দেশে নয়, রাজ্যে নয়, দেশের বাইরে আন্তর্জাতিক ভাবেও মোয়ার চাহিদা বেড়েছে।” তিনি আরও বলেন, “এখানে ২০২৪ সালের জুন মাসের পরে জয়নগরে প্রশাসনিক সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জয়নগর-মজিলপুরের পুরো এলাকায়, টাউন এলাকায় মোয়ার হাব তৈরি হবে। সরকার সেই কথা রেখেছে। ”

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের ভোটকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, “আগামীকাল ভোট রয়েছে উত্তরের জেলাগুলোর সঙ্গে জঙ্গলমহলের জেলাগুলো রয়েছে। বিজেপিকে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দিয়ে এদের মাথা, ঘাড় আর কোমর ভাঙবে।” নিজের বক্তব্যে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি বারবার সব জায়গায় বলেছি, কলকাতা যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ চব্বিশ পরগণা জেলা আমার কর্মভূমি। আমার এই জেলা জুড়ে যত মায়েরা-ভাইয়েরা আছেন, সবাই আমার পরিবারের অবিচ্ছেদ্য অংশ।”

রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে অমিত শাহর কটূক্তির তীব্র নিন্দা করে এদিন এক্স হ্যান্ডলেও পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার নারী শক্তি নিয়ে কথা বলেন। কিন্তু তাঁদের আচরণ অন্য কথা বলছে। প্রধানমন্ত্রী প্রকাশ্যে তিনবার নির্বাচিত এক মহিলা মুখ্যমন্ত্রীকে ‘দিদি, ও দিদি’ বলে কটাক্ষ করেছিলেন। এ বার স্বরাষ্ট্রমন্ত্রীও ‘এই দিদি’ বলে একই সুরে তাঁকে খোঁচা দিলেন।’ অভিষেকের মতে, ‘এটা সেই পরিবর্তন, যা বিজেপি উত্তরপ্রদেশ ও বিহার থেকে বাংলায় নিয়ে আসতে চায়।’ এক্স হ্যান্ডলে তিনি আরও লিখেছেন, ‘এটা বাংলার অপমান। এই রাজ্যের প্রতিটি মহিলার এবং গোটা দেশের মহিলাদের অপমান।’