Header AD

SIR শুনানিতে যাওয়ার পথে উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় ২ শিশু-সহ মৃত্যু যুবকের

Maharastra truck accident

SIR শুনানিতে যোগ দিতে সপরিবারে বাইকে করে যাচ্ছিলেন। পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবক ও তার দুই শিশু সন্তানের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। বুধবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়া চেকপোস্টের কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম শেখ সিরাজ (৩২), ছয় বছরের শেখ রিয়াজ ও চার বছরের রিয়া খাতুন। গুরুতর আহত অবস্থায় কলকাতার এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন সিরাজের স্ত্রী সাবিনা বেগম ওরফে জ্যোৎস্না। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, এদিন ধূলাগড় এলাকা থেকে জ্যোৎস্না তাঁর স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাইকে চেপে বাপের বাড়ি বাগনান ১ নম্বর ব্লকের হাটুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যাচ্ছিলেন। জ্যোৎস্নার ভোট সংক্রান্ত সমস্ত নথি বাপের বাড়িতেই থাকায় তিনি SIR শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন। জানা গিয়েছে, চেকপোস্টের কাছে সিগন্যালে বাইক দাঁড়িয়েছিল। সিগন্যাল ছাড়তেই পিছন দিক থেকে একটি লরি এসে বাইকে সজোরে ধাক্কা মারে। বাইকের সামনে বসা শিশু রিয়াজ ছিটকে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আর একটি লরির মধ্যে আটকে যায়। রাস্তার ডানদিকে পড়ে যান সিরাজ ও তার মেয়ে রিয়া। তাঁদের উপর দিয়ে অন্য একটি গাড়ি চলে যায় বলে অভিযোগ। এদিকে জ্যোৎস্না রাস্তার বাঁদিকে পড়ে গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত চারজনকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা সিরাজ, রিয়াজ ও রিয়াকে মৃত বলে ঘোষণা করেন। জ্যোৎস্নার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে এসএসকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনায় দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।