সল্টলেকে দীর্ঘদিন ধরে একটি বাড়ি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগে TMC নেতা জয়প্রকাশ মজুমদারকে (Jaiprakash Mazumder) বুধবার দুপুরে আটক করল বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, ২০১৪ সালে সল্টলেকের একটি বাড়ি ভাড়া নেন জয়প্রকাশ মজুমদার। বাড়ির মালিকপক্ষের দাবি, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি বাড়ি খালি করেননি। বরং বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয় দেখানো হতো। এমনকী নিয়মিত ভাড়া চাইতে গেলেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।
বুধবার ওই বাড়িকে ঘিরে নতুন করে বিবাদ শুরু হয়। বাড়ির বর্তমান মালিকপক্ষ বাড়ির দখল ফিরে পেতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন এবং জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাঁর গাড়ির চাবিও কেড়ে নেওয়া হয়। বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি সামাল দিতে জয়প্রকাশ বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও ক্ষুব্ধ বাসিন্দারা তা মানতে রাজি হননি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গিয়েছে, বাড়িটির মূল মালিকের মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁর স্ত্রী সম্পত্তিটির মালিক। কয়েক দিন আগে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে নিজের বাড়ির দখল ফেরত নেওয়ার চেষ্টা করেন। সেই সময়ের এক সংঘর্ষে জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারার অভিযোগ ওঠে ওই মহিলার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে বাড়ির মালিকপক্ষ জয়প্রকাশের বিরুদ্ধে বাড়ি দখল, ভয় দেখানো এবং দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ এনেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।





