Header AD
Trending

কালীপুজোর রাতে চলন্ত মেট্রোয় পথকুকুর কীভাবে? বিবৃতি দিল মেট্রো কর্তৃপক্ষ

কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডবে ভয় পেয়ে কলকাতা মেট্রোয় উঠে পড়ে একটি পথ কুকুর। অদ্ভুত কাণ্ডটি ঘটে কলকাতার বাঁশদ্রোণী এলাকায়।হাজারও নজরদারি সত্ত্বেও কালীপুজোর রাতে শহর ও শহরতলিতে দাপট দেখিয়েছে শব্দবাজি। আতঙ্কে কলকাতা মেট্রোয় আশ্রয় নিয়েছিল একটি পথকুকুর। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ঠিক কী ঘটেছিল ওই রাতে।

ঘটনার পরিপ্রেক্ষতিতে মঙ্গলবার রাতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, কালীপুজোর রাতে শব্দের ভয়ে অনেক পথকুকুরই আশ্রয় নিয়েছিল একাধিক মেট্রো স্টেশনে। তাদের জন্য যাতে যাত্রীদের সমস্যা না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়েছিল। একটি কুকুর কোনওভাবে মেট্রোয় উঠে পড়ে। কুকুরটিকে আধিকারিকরা বের করে নিয়ে যান। পাশাপাশি মেট্রোর তরফে নিশ্চিত করা হয়ছে কোনও প্রাণীরই ক্ষতি না করেই প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রেও তাই হয়েছে।

প্রসঙ্গত, কুকুরেরা যে শব্দে ভয় পায়, তা কারও অজানা নয়। তাই উৎসবের দিনগুলিতে দূষণের পাশাপাশি ওদের কথা ভেবেও বাজি না পোড়ানোর কথা বলা হয় বারবার। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কালীপুজো ও দীপাবলীর রাতে শব্দ বাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। চলেছে পুলিশী নজরদারিও। তবুও সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় শব্দবাজির তাণ্ডবের অভিযোগ উঠেছে।কালীপুজো উপলক্ষে অন্যান্যদিনের তুলনায় গত সোমবার রাতে বেশি সময় পর্যন্ত চালানো হয় মেট্রো। জানা যায়, মেট্রোর ভিতর ঢুকে কিছুক্ষণ কামরার ভিতর ছোটাছুটি করতে থাকে কুকুরটি। তারপর যাত্রীদের পায়ের কাছে বসে পড়ে।