মুর্শিদাবাদের নবগ্রামের নির্বাচনী জনসভা থেকে SIR প্রসঙ্গে এবার কংগ্রেসকেও তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেন , “আমি অনেক বার বলেছিলাম, চলো সবাই মিলে নির্বাচন কমিশনে যাই, যাওনি। যখন এসআইআর হয়, এক বারও মানুষগুলোর দিকে ফিরে তাকাওনি।” একই সঙ্গে তিনি দাবি করেন, “বুথ ক্যাম্প কে করেছিল? করেছিল তৃণমূলের বিএলএ-১, বিএলএ ২-রা।”
নবগ্রামের সভা থেকে এসআইআর প্রসঙ্গে বিজেপি ও কমিশনকে নিশানা করে তিনি বলেন, কেবল সংখ্যালঘু সম্প্রদায় নয়, হিন্দু-মুসলিম, এমনকি আদিবাসীদের নামও এসআইআর-এ বাদ দেওয়া হয়েছে! দিনহাটায় ৩০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ দিয়েছে। এমনটা জানিয়ে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “ভবানীপুরে উকুন বাছছে। ৪০ হাজার নাম বাদ দিয়েছে। তবু লড়ব, জিতবও।” পাশাপাশি কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘হরিদাস’ কটাক্ষ করে বলেন, “বলছে আমরা নাকি ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দিয়েছি। হরিদাস অমিত শাহ। আবার টেলিপ্রম্পটারে লিখে আনছে ‘আমার সুনার বাংলা’। বুঝতে পারবেন না খালি চোখে। পাতলা কাচের মতো জিনিস। তা দেখে বলছে। আর সুনার বাংলা এসআইআর-এর সময় হয়ে যাচ্ছে হত্যার বাংলা।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলায় কংগ্রেসের সংগঠন এখনও অপেক্ষাকৃত মজবুত, মুর্শিদাবাদ তার মধ্যে অন্যতম। এই বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়ছে কংগ্রেস। ইতিমধ্যেই ২৮৪টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তারা। মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী এদিন যে ভাবে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।





