Header AD

‘আলুচাষীর পেটের ভাত মারলে আমি ভয়ানক হয়ে যাই’, বিজেপিকে সতর্কবার্তা মমতার

cm garbeta

“আলুচাষীদের নিয়ে রাজনীতি করছে বিজেপি”, মঙ্গলবার নির্বাচনী প্রচারে চন্দ্রকোণা ও গড়বেতার জনসভা থেকে আলুচাষীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন বিজেপিকে(BJP) সতর্ক করে হুঙ্কার দিয়ে বলেন, ‘আলুচাষীর পেটের ভাত মারলে আমি ভয়ানক হয়ে যাই’।

আলুচাষীদের ক্ষতি হলে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী।তিনি বলেন, “শস্যবিমা থাকলে ক্ষতিপূরণ পাবে আলুচাষীরা।সরকার আপনাদের কাছ থেকে আলু কিনে নেবে। তাও আপনারা চাইলে বাড়তি আলু বাইরে বিক্রি করতে পারেন।”একই সঙ্গে আলু নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।পাশাপাশি তাঁর আবেদন, “আলুচাষীদের নিয়ে রাজনীতি করবেন না। আমরা সব আলুচাষীকে ক্ষতিপূরণ দেব। নিশ্চিন্তে থাকুন।”

প্রসঙ্গত, ২০২৩ সালে আলু ভিনরাজ্যে বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল নবান্ন। তবে চলতি মরশুমে আলুর ফলন হয়েছে প্রচুর। তা খানিকটা বাড়তি। এই পরিস্থিতিতে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা বেশি থাকে কৃষকদের। বাড়তি আলু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে যদি কোনওভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তো লোকসান ঠেকানো সম্ভব নয়, চিন্তায় মগ্ন কৃষকরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার চন্দ্রকোণা ও গড়বেতার জোড়া প্রচারমঞ্চ থেকে চাষীদের চিন্তামুক্ত করতে আরও একবার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন ফের একবার এসআইআর নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘ভোটের তিনমাস আগে থেকে মানুষের নাম বাদ দেওয়া চলছে। অনেক সাধুদের নামও বাদ দেওয়া হচ্ছে। সকলকে নিয়েই রাজনীতি করছে বিজেপি। তবে এতকিছু করে কিছু লাভ হবে না। মানুষ নির্বাচনের পর বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। তৃণমূল এখন সমুদ্র, কিছু করতে পারবে না। এক একটা ঢেউয়ে আছড়ে দেবে।’

গড়বেতার সভা থেকে তৃণমূল কর্মীদের ফের একদফা সতর্ক করলেন দলনেত্রী।ভোটের মুখে দলে ঐক্য বজায় রাখতে কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বললেন, “মনে রাখবেন আমি সেই কর্মীকে ভালোবাসি, যে নেতা নয়, কর্মী হয়ে মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ায়।আমি সারাজীবন অনেক লড়াই করেছি। ভোটে বিজেপি বহিরাগতদের ঢোকাতে চায়। এরা বাংলাকে ভয় পায়। আমি চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। এটাই দলীয় কর্মীদের আমার নির্দেশ।”