Header AD
Trending

“ঘুরতে নয়, কাজ করতেই আসব উত্তরবঙ্গে”— শিলিগুড়িতে পৌঁছে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

suvendu nb

প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি থেকেই উন্নয়ন ও প্রশাসনিক তৎপরতার জোরাল বার্তা দিলেন শুভান্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানানোর পাশাপাশি বিজেপিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি।মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে প্রতি মাসে তিনি নিজে উত্তরবঙ্গে যাবেন।মন্ত্রীসভাও যাবে উত্তরবঙ্গে। শুধু প্রশাসনিক বৈঠক নয়, উন্নয়নের কাজ সরেজমিনে খতিয়ে দেখাই হবে মূল লক্ষ্য।

পাশাপাশি প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসে সাধারণ মানুষের অভিযোগ ও দাবি শুনবেন বলেও ঘোষণা করা হয়েছে।শিলিগুড়িতে দাঁড়িয়ে শুভেন্দুর মন্তব্য, “এখানে বেড়াতে নয়, কাজ করতে আসব। কথা কম, কাজ বেশি হবে।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যে পরোক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কেই কটাক্ষ করা হয়েছে। কারণ তৃণমূল আমলে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিল বিজেপি।

এদিন উত্তরকন্যায় উত্তরবঙ্গের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সামনে বর্ষার মরশুম থাকায় বন্যা, হড়পা বান, ভূমিধস এবং নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য পরিষেবা, চা-বাগানের সমস্যা এবং বেআইনি নির্মাণ ও বালি-পাথর মাফিয়াদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উঠে আসে বৈঠকে।

বুধবার বাগডোগরা বিমানবন্দরের বাইরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ভিড় করেন অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত (Raju Bista) এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।

শুভেন্দু বলেন, “এবার থেকে প্রতি মাসে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা উত্তরবঙ্গে আসবে। ঘুরতে নয়, এখানে কাজ করতে আসব। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসবেন।” সেই সঙ্গে উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “উত্তরবঙ্গের পবিত্র ভূমিকে প্রণাম জানাই। ২০০৯ সাল থেকে দার্জিলিংয়ের পাহাড় আর উত্তরবঙ্গ প্রথম বিজেপিকে জায়গা করে দিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছে, উন্নয়নের মাধ্যমে সেসব কিছু করে উত্তরবঙ্গের ঋণ শোধ করব। উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ বিজেপি সরকার করবে।”

উত্তরকন্যাকে পূর্ণমাত্রায় সক্রিয় করার কথাও ঘোষণা করেন তিনি। জানানো হয়েছে, প্রতি সপ্তাহে একদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেখানে সকাল ১১টা থেকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন এবং সাংসদ-বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন।

উত্তরকন্যায় যাওয়ার আগে শিলিগুড়ির বিজেপি জেলা কার্যালয়েও যান মুখ্যমন্ত্রী। পথে বহু জায়গায় থেমে সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন। কখনও গাড়ি থেকে নেমে জনতার সঙ্গে হাত মেলান, আবার ছোট শিশুদের কোলে নিতেও দেখা যায় তাঁকে। বিজেপি কার্যালয়ে পৌঁছে দলীয় কর্মীদের সংগঠন আরও শক্তিশালী করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।