“আমরা চাই মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও। চৈত্রসেল করছে মানুষকে নিয়ে!মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন। কেন বলেছিলেন আবেদন করতে পারবে? তার পরে বলছেন ফ্রোজেন করে দিলাম।” হুগলির বলাগড়ের নির্বাচনী জনসভা থেকে এসআইআর-এ (SIR) নাম কাটা নিয়ে বিজেপি ও কমিশনকে ফের একযোগে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি গর্জে উঠলেন, “আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। জানার অধিকার আছে। মানুষের নাম তোলার অধিকার আছে।”
সভা থেকে বিজেপিকে তোপ মমতার, “ওদের পরিকল্পনা মানুষকে নিয়ে চৈত্রসেল করা! দেশটাকে চৈত্রসেল করছে।সব বেচে দিয়েছে।” বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “শুনলেও হাসি পায়, এই বাংলাবিরোধীরা বাংলায় ভোট চায়।”
এরপর সাধারণ মানুষের উদ্দেশে তাঁর সতর্কবার্তা, “যদি নিজের অধিকার, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা, সম্মান রক্ষা করতে হয়, ঠিকানা রক্ষা করতে হয়, তা হলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক চলছে।ওরা সব কেউটে সাপ, গোখরো সাপ। কেউটে, গোখরো ঘরে ঢুকতে দেবেন না। নাহলে এক ছোবলে শেষ হয়ে যাবেন।”





