“অমিত শাহ এসে বাংলায় হুমকি দিচ্ছে ২৩ তারিখ সব বাড়িতে ঢুকে থাকুন। গুজরাতের গুণ্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে। আমি অমিত শাহকে (Amit Shah) বলব যদি মেরুদণ্ড সোজা থাকে, আর বুকের পাটা থাকা তাহলে ৪ তারিখ বাংলায় থাকুন, বিকেলে দেখা হবে। ফল ঘোষণা হওইয়ার পর মুখটা দেখাতে চাই।” বুধবার পৈলানের জনসভা থেকে এই ভাষাতেই সরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে বিজেপির (BJP) নেতাদের কটাক্ষ করে বললেন, বাংলাকে বদলাতে এসেছিল, এখন নিজেরাই বদলে গিয়েছে। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই মাছ হাতে প্রচারে বের হচ্ছে। ভোটের পর ওদের দিয়ে মাছ, মাংস বিক্রি করাব- শপথ।”
বুধবার পৈলানের দৌলতপুর যুবসংঘের মাঠে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক। সভা থেকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান পেশ করে তিনি বলেন, ডায়মন্ড হারবারের জন্য গত ১২ বছরে ৬২০০ কোটি টাকার কাজ হয়েছে। ৫০০ বেশি হাইমাস লাইট বিষ্ণুপুরে লাগানো হয়েছে। বিষ্ণুপুর বিধানসভায় ১১৬ কোটি টাকা খরচ করে গ্রামীণ রাস্তা হয়েছে। ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের প্রসঙ্গও এদিন তুলে ধরেন অভিষেক। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও এদিন সভায় সরব হন ডায়মন্ড হারবারের সাংসদ। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “বঞ্চনা সত্ত্বেও উন্নয়ন কী তা ডায়মন্ড হারবার করে দেখিয়েছে।”
এদিনের সভা থেকে নোটবন্দি ও এসআইআর-এর (SIR) লাইনে মানুষকে দাঁড় করানো নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন অভিষেক। এরপর তাঁর নিদান, “২৯ তারিখ কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। যারা আমাদের লাইনে দাঁড় করিয়েছে তাদের লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে।” এরপর এসআইআর-এ যাদের নাম বাদ গিয়েছে তাদের প্রতি অভিষেকের আশ্বাস, ভয় পাবেন না। গায়ের জোরে এরা নাম বাদ দিয়ে বাংলা দখল করতে চেয়েছে। বাঙালি কি, তা বাংলা ৪ তারিখ বুঝিয়ে দেবে। যাদে নাম বাদ গেছে , চতুর্থবার সরকার গঠনের পর তাদের নাম একমাসের মধ্যে ভোটার লিস্টে আমরা ফিরিয়ে আনব।





