Header AD
Trending

মুখ্যমন্ত্রী হতেই বদল বাসস্থানে, আলিপুরে মমতার নামাঙ্কিত ‘সৌজন্য’তে উঠছেন শুভেন্দু

Suvendu adhikari house

পশ্চিমবঙ্গের প্রথম BJP সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই বদলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কলকাতার ঠিকানা। এতদিন শহরে এলে তিনি চিনার পার্কের ফ্ল্যাটেই থাকতেন। তবে এবার মুখ্যমন্ত্রীর সরকারি আবাস হিসেবে বেছে নেওয়া হয়েছে আলিপুরের ‘সৌজন্য’ ভবনকে।

আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত এই ভবনটি তৃণমূল জমানায় ভিভিআইপিদের থাকার জন্য তৈরি করা হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এর উদ্বোধন করেছিলেন। এবার সেই ‘সৌজন্য’ই হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতার ঠিকানা। ইতিমধ্যেই সেখানে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও কবে থেকে তিনি সেখানে থাকতে শুরু করবেন, তা এখনও স্পষ্ট নয়।

শুভেন্দুর পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। ‘শান্তিকুঞ্জ’ নামের সেই বাড়িতেই থাকেন তাঁর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা। কাঁথিতে গেলে শুভেন্দুও সেখানেই ওঠেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার রাতেই তিনি কাঁথির বাড়িতে ফেরেন। তাঁকে এক ঝলক দেখতে বাড়ির সামনে ভিড় জমায় বহু মানুষ। ফুলের মালা ও শুভেচ্ছায় ভরে ওঠে এলাকা।

মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছনোর পর নিরাপত্তার কারণে পুলিশ ‘শান্তিকুঞ্জ’-এর সামনে গার্ডরেল বসায়। কিন্তু পরে অধিকারী পরিবারের অনুরোধেই তা সরিয়ে নেওয়া হয়। পরিবারের বক্তব্য, গার্ডরেলের কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হোক, তা তাঁরা চান না। রবিবার বিকেল পর্যন্ত কাঁথির বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।