Header AD
Trending

জাতীয় শিক্ষানীতি লাগু বাংলায়! বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকে সতর্কবার্তা শুভেন্দুর

suvendu committee

রাজ্যে সরকার পরিবর্তনের পর জাতীয় শিক্ষানীতির আওতায় বাংলার শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিল বিজেপি সরকার। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

সরকারি স্কুলগুলিতে আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সিলেবাসে পরিবর্তন, স্মার্ট ক্লাসরুম চালু এবং পরিকাঠামোর উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। শুধু কলকাতা নয়, জেলার প্রত্যন্ত এলাকার সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতেও শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের আমলে প্রচুর সংখ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পড়ুয়াদের লাগামছাড়া স্কুল ফি বৃদ্ধি, অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিলি-সহ একাধিক অভিযোগ উঠেছে। এদিন সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা দেন শুভেন্দু।

জাতীয় শিক্ষানীতির সঙ্গে চুক্তির পর রাজ্যে চালু হতে চলেছে পিএমশ্রী বিদ্যালয় প্রকল্পও। লক্ষ্য, প্রতিটি ব্লকে অন্তত একটি করে স্কুলকে এই প্রকল্পের আওতায় আনা। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

শিক্ষাক্ষেত্রে আগের সরকারের ভূমিকা নিয়ে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়া, দুর্নীতির অভিযোগ এবং পরিকাঠামোগত অব্যবস্থার কারণে সরকারি শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্কুলে ছাত্রসংখ্যা কমে যাওয়া এবং কিছু স্কুল বন্ধ হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে।

ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বার্তা দিয়েছে বিজেপি সরকার। নতুন শিক্ষক নিয়োগের পাশাপাশি মেধা ও শিক্ষার মান বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি প্রশাসনের।