Header AD

ইন্ডিয়ান অয়েলে চাকরির টোপে ৩২ লক্ষ টাকার প্রতারণা, ভুয়ো আধার কার্ডসহ ধৃত অভিযুক্ত

কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্তা পরিচয়ে ইন্ডিয়ান অয়েলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার পাটুলি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের কাছ থেকে একাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটুলির একটি বাজারে প্রথমে দুই যুবক ও এক যুবতীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। তিনি নিজেকে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলে দাবি করেন এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলেও জানান। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তিনি ভুয়ো পরিচয়পত্রও দেখান।

ইন্ডিয়ান অয়েলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত তিনজনের কাছ থেকে মোট ৩২ লক্ষ টাকা আদায় করেন। ওই যুবক ও যুবতী নিজেদের এবং পরিবারের গয়না বন্ধক রেখে এই টাকা জোগাড় করেন। এর মধ্যে ২২ লক্ষ টাকা অনলাইনে এবং বাকি ১০ লক্ষ টাকা নগদে নেওয়া হয়। টাকা নেওয়ার পর অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দিলে প্রতারিতরা পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত লেকটাউন, বাগুইআটি, পাটুলি-সহ কলকাতার বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। আশ্চর্যের বিষয়, প্রতিটি ঠিকানার জন্য তিনি আলাদা আলাদা আধার কার্ড তৈরি করেছিলেন। এভাবে মোট পাঁচটি আধার কার্ডের সন্ধান পান তদন্তকারীরা।

বর্তমানে অভিযুক্তকে পুলিশি হেফাজতে রেখে জেরা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।