Header AD

‘পুরোটাই বিজেপির গেমপ্ল্যান’, মালদহের ঘটনা নিয়ে বিজেপি-কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

cm sagardighi

“কালিয়াচকে এতবড় কাণ্ড! অথচ কেউ আমায় কিছুই জানায়নি।” বুধবার রাতে মালদহের কালিয়াচকের ঘটনা নিয়ে এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বিজেপি (BJP) সরকার ও কমিশনকে (Election Commission Of India) নিশানা করে তিনি বলেন, মালদহের ঘটনায় আমার খারাপ লেগেছে। আমি একজন সাংবাদিকের কাছে থেকে জানতে পারলাম। প্রশাসন এখন আমার হাতে নেই। ওরা আমার সব ক্ষমতা কেড়ে নিয়ে কমিশনের হাতে দিয়েছে। ওরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় চলে। আইন শৃঙ্খলা ব্যবস্থা আমার হাতে নেই। মুখ্যসচিব, সরাষ্ট্র সচিব, ডিজি, আইজি, এসপি সব বদলে দিয়েছে। এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চলছে। মালদহে যা ঘটেছে পুরোটাই বিজেপির গেম প্ল্যান।” প্রসঙ্গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে নির্বাচনী জনসভা করতে গিয়ে মালদহের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। সভা থেকে সাধারণ মানুষের প্রতি তাঁর বার্তা, কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তি বজায় রাখুন।

উল্লেখ্য, এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাম অসংখ্য নাম বাদ যাওয়ায় কারণে বুধবার রাত থেকে অশান্ত মালদহের কালিয়াচক। ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এই ঘটনায় বৃহস্পতিবার সকালেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘটনাটিকে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলেও মন্তব্য সুপ্রিম কোর্টের।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির জনসভা থেকে গর্জে ওঠেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনাদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। এখানে ঢেলে নাম বাদ দিয়েছে। ১ কোটি ২০ লক্ষ নাম বাদ। যাদের নাম অ্যাডজুডিকেশন তালিকায় আছে, ট্রাইবুনালে আপিল করতে হবে। আমরা বিনা পয়সায় উকিল দেব। কিন্তু জাজেদের কাছে যাবেন না।” এরপরই কেন্দ্রের বিজেপি সরকার ও কমিশনকে একযোগে নিশানা করে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বিজেপি টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করাল, জাজদের ঘেরাও করাল। এটা বিজেপির গেম প্ল্যান। হায়দরাবাদ থেকে কেউ কেউ উড়ে এসেছে। ওরা চাইছে ইলেকশন বাতিল করিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে। আমার প্রতি বিশ্বাস থাকলে কারও কথায় প্ররোচনায় পা দেবেন না। “