Header AD
Trending

ভরদুপুরেই ঘনাল সন্ধে! শহরে তুমুল বৃষ্টি, সঙ্গে ৬০ কিমি বেগে ঝড়, জেলায় জেলায় কালবৈশাখী

kolkata thunder

অপেক্ষার অবসান। দুপুর গড়াতেই তিলোত্তমার আকাশ ঢাকল কালো মেঘে। দিনেদুপুরে যেন সন্ধে ঘনিয়ে এল। কয়েক মুহূর্তেই মধ্যে শহরের বুকে নামল ঝেঁপে বৃষ্টি (Weather Update)।সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে প্রবল ঝোড়ো হওয়া। প্রচণ্ড দাবদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি। পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাস মতোই কলকাতার বেশির ভাগ এলাকায় শুরু হয়েছে ঝেঁপে বৃষ্টি। নদীয়া, হাওড়া, হুগলিতেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় দুর্যোগের জন্য ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে।

দুপুর ২টোর কিছু পরে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। জারি করেছিল হলুদ সতর্কতা। সেই মতো কলকাতায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সল্টলেক থেকে ধর্মতলা, যাদবপুর থেকে বরাহনগর, বেহালা থেকে বালিগঞ্জ— আকাশ কালো করে নেমেছে বৃষ্টি। দিনদুপুরে এতটাই অন্ধকার হয়েছে যে, হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। ইতিমধ্যে রাস্তায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে গিয়েছে। ঝড়ের দাপটে বেশ কয়েকটি হোর্ডিং, পোস্টার ছিঁড়ে পড়ার খবর মিলেছে।ইতিমধ্যে উত্তর ও মধ্য কলকাতার কিছু এলাকায় জল জমেছে। চাঁদনি চক, ঠনঠনিয়ার রাস্তায় জল জমেছে।জল জমেছে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল,আনোয়ার শাহ, অজয়নগর সহ বিস্তীর্ণ অঞ্চলে। পুরসভা সূত্রে খবর শহরে ২৫টিরও বেশি জায়গায় গাছ পড়ে বিপত্তি ঘটেছে। ঝড়ে ভেঙে পড়েছে ব্রিজি মেট্রো স্টেশনের শেড। এছাড়াও শহরের একাধিক প্রান্ত থেকে বিপত্তির খবর আসছে। বৃষ্টিতে জল থৈ থৈ দশা বিমানবন্দরেরও।দুর্যোগের কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি হাওড়া শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা- উত্তর অ দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলিতেও শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। ওই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।