Header AD

শুক্রসন্ধ্যায় কলকাতায় কালবৈশাখীর পূর্বভাস! দক্ষিণের ১২ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা

Weather Update

চৈত্রের শুরু থেকেই রাজ্যে ঝড়বৃষ্টির দাপট চলছে । কলকাতাতেও পর পর কয়েক দিন বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেই মরশুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগ আরও কিছু দিন চলতে পারে (Weather Forcast)। শুক্রবারও কলকাতায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে রয়েছে কালবৈশাখীর (Thunder Storm)সতর্কবার্তা। ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে (Weather Update)।

শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। বঙ্গোপসাগর থেকে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কিছু দিন সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ ৬০ কিলোমিটার রয়েছে। এর ফলে সমুদ্র উত্তাল রয়েছে। মৎস্যজীবীদের শুক্রবার এবং শনিবার সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।

হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বিস্তীর্ণ অংশে শিলাবৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে মোট ১২টি জেলা। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার এবং শনিবার দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনায় এই সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। তবে রবিবার হাওয়ার বেগ কিছুটা কমবে।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরের প্রায় সব জেলায়। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তার পরেও।দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় দুদিনে ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।