Header AD
Trending

বিধানসভার বিএ কমিটিতেও ব্রাত্য কালীঘাট তৃণমূল, বাড়ল ঋতব্রত শিবিরের প্রভাব

tmc rito

বিধানসভায় কালীঘাটপন্থী তৃণমূলের রাজনৈতিক গুরুত্ব আরও কমল। বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের পদ হারানোর পর এবার বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও জায়গা পেল না কালীঘাট শিবিরের কোনও প্রতিনিধি। নতুন কমিটির সদস্য তালিকায় বরং প্রাধান্য পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিধায়কেরা।

গত ১৯ জুন গঠিত নতুন বিএ কমিটিতে বিজেপির একাধিক বিধায়কের পাশাপাশি রয়েছেন বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামান, বিধায়ক বিপ্লব মিত্র ও সমীর কুমার জানা। এঁদের সকলকেই ঋতব্রত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। আমন্ত্রিত সদস্য হিসেবেও রাখা হয়েছে সন্দীপন সাহা ও জাভেদ আহমেদ খানকে, যাঁদেরও ঋতব্রত শিবিরের প্রতিনিধি বলে ধরা হয়।

অন্যদিকে, বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এবং আমজনতা উন্নয়ন পার্টির প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের কোনও সদস্যের নাম নেই তালিকায়। রাজনৈতিক মহলের মতে, বিধানসভার স্পিকার এখনও ঋতব্রতপন্থী গোষ্ঠীকেই তৃণমূলের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়ে চলেছেন।বিজনেস অ্যাডভাইজারি কমিটি বিধানসভার কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিবেশনের সময়সূচি, আলোচ্যসূচি, বিল উত্থাপন এবং বিতর্কের সময় নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কমিটিই নেয়। ফলে এই কমিটিতে প্রতিনিধিত্ব না থাকা মানে বিধানসভার কার্যপ্রণালী নির্ধারণে কালীঘাট শিবিরের প্রভাব কার্যত শূন্যে নেমে আসা।

গত দেড় দশক ধরে বিধানসভার রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে কালীঘাটের প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। নতুন রাজনৈতিক সমীকরণে সেই অবস্থান যে দ্রুত বদলাচ্ছে, বিএ কমিটির নতুন সদস্য তালিকা তারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।