বঙ্গে নির্বাচনী (West Bengal Assembly Election)প্রচারে এসে দিল্লির বিজেপি নেতাদের বক্তব্য ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছেই। কখনও ভাষাগত ভুল, কেউ আবার কেন্দ্রের বা বাংলার মনীষীদের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, কখনও বা শাসকশিবিরকে আক্রমণ করতে গিয়ে কেউ কেউ মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। এসবের মাঝেই এবার প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
সম্প্রতি বাংলার একাধিক কেন্দ্রে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন,”বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দুষ্কৃতীদের সবাইকে জেলে ঢুকিয়ে দেব।ভোটের আগেই তাই তোমরা আত্মসমর্পণ কর।”এবার এই মন্তব্যকে “আপত্তিকর” বলে কড়া সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
রবিবার দক্ষিণ ২৪ পরগনার সাগরে নির্বাচনী জনসভা থেকে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সকলের প্রতি সমান দায়িত্বশীল থাকা উচিত। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী এসে বলেছেন সবাইকে জেলে ঢুকিয়ে দেব। আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি শান্ত হোন, মাথা ঠান্ডা রাখুন। আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আপনার প্রতি পূর্ণ মর্যাদা ও সম্মান রেখে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলার সবার মুখ্যমন্ত্রী, আপনিও দেশের সবার প্রধানমন্ত্রী। মাথা ঠান্ডা রাখুন।”
রবিবার
সাগরের কালীগিরি ময়দানে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে আয়োজিত সভায় অভিষেক বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে আদালত—সব কিছু ব্যবহার করেও বাংলায় তৃণমূলকে হারানো সম্ভব হচ্ছে না। তাঁর কটাক্ষ, ‘‘এখন বুঝে গিয়েছে এসআইআর করেও হচ্ছে না। যতই কর এসআইআর, এই বাংলা ফের মমতার। বুঝে গেছে এসআইআর, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় বাহিনী, জাতীয় নির্বাচন কমিশন সকলকে লাগিয়েও ল্যাজেগোবরে হচ্ছে।”
পাশাপাশি বিজেপি নেতাদের আচরণ নিয়েও সরব হন তিনি। বলেন, “জয় বাংলা স্লোগান শুনে কেউ কেউ নিয়ন্ত্রণ হারাচ্ছেন, যা তাদের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘উনি বলছেন, তৃণমূলের লোকদের বলব থানায় যাও, সবার হিসেব হবে। আমি প্রধানমন্ত্রীকে বলব, মাথা ঠান্ডা রাখুন।বাংলাকে ভালোবাসলে ২ লক্ষ কোটি টাকার বকেয়া মেটান। ভোটের পরে নয়, এখনই মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠান।”




