Header AD

বিপুল ভোটে হারবে জেনেই দুবছর সাংসদ ভোট আটকে রেখেছে! বসিরহাট নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

ab basirhat

শনিবার বসিরহাটে নির্বাচনী (West Bengal Assembly Election)প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বসিরহাটের সাংসদ নির্বাচন আটকে রাখা নিয়ে ক্ষোভ উগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “এখানকার সংসদ এখন আর নেই, হাজী নুরুল প্রয়াত। দু বছর হয়ে গেছে গায়ের জোরে নির্বাচন আটকে রেখেছে এখানে। কেন্দ্রের যেন কোনও প্রতিনিধি বসিরহাট থেকে যাতে না যেতে পারে। তার কারণ এরা ভালো করে জানে, বসিরহাটে যদি নির্বাচন হয় তাহলে বিজেপির প্রার্থী ৫ লক্ষ ভোটে হারবে।” পাশাপাশি বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীকে ‘ভুয়ো ডাক্তার’ বলে কটাক্ষ করেন।

শনিবার বসিরহাট দক্ষিণ বিধানসভার দলীয় প্রার্থী সুরজিৎ মিত্রর সমর্থনে দিনের প্রথম জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বসিরহাট দক্ষিণ বিধানসভার উত্তর গুলাই চন্ডীর মাঠে সভা করেন। এই জনসভা থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি বসিরহাট বাসীদের অভিষেক প্রতিশ্রুতি দেন যে, “যতদিন আপনাদের এখানে কোন প্রতিনিধি নেই ততদিন আমি এখানকার আপনাদের প্রতিনিধি। পরবর্তীতে যদি কেন্দ্র সরকার না করে তাহলে আমি সমস্ত পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবো”।

এদিন বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সম্পর্কেও অভিষেক আক্রমণাক্ত ভাষায় বলেন, ‘‘এখানে যিনি প্রার্থী হয়েছেন, তিনি পোস্টারে লিখছেন ডাক্তার। এফিডেভিটে ডাক্তার লেখা নেই। আমি শুনেছি নেপালের কম্পাউন্ডারের ডিগ্রি নিয়ে ভুয়ো প্রচার করে মানুষকে ডাক্তার বলছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। যাঁরা এফিডেভিটে ডাক্তার লেখে না, পোস্টারে ডাক্তার লেখে তাঁরা মানুষকে বিভ্রান্ত করতে চায়। নেপালের কম্পাউন্ডারের সার্টিফিকেট নিয়ে প্রচার করছে তিনি নাকি ডাক্তার! যাঁরা নির্বাচনের আগে মানুষকে মিথ্যে কথা বলে, তাঁদের ভোটে ২৯ তারিখ এমনভাবে জবাব দেবেন, যেন ৪ তারিখ ফল বেরোনোর পর বসিরহাট দক্ষিণে বিজেপি পতাকা ধরার লোক না পাওয়া যায়।’’