Header AD
Trending

রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, তৃণমূলের সাংসদ সংখ্যা কমে ৯

Koyel resigned

তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে ভাঙনের জল্পনার মাঝেই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। কয়েকদিন ধরেই তাঁর পদত্যাগের সম্ভাবনার কথা রাজনৈতিক মহলে ঘুরছিল। বৃহস্পতিবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

এর আগে সুখেন্দুশেখর রায় (SukhenduSekhar Roy), সুস্মিতা দেব (Sushmita Dev) এবং প্রকাশ চিক বরাইকও (Prakash Chik Baraik) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল কোয়েল মল্লিকের নাম। ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে নেমে দাঁড়াল ৯-এ।

রাজ্য বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ ও বিভাজনের ছবি স্পষ্ট হতে শুরু করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাংশ বিধায়ক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দাবি করা হচ্ছে, ওই গোষ্ঠীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক রয়েছেন। একইসঙ্গে লোকসভাতেও তৃণমূলের একাংশ সাংসদ পৃথক অবস্থান নিয়েছেন বলেও খবর।

রাজ্যসভার ক্ষেত্রে অবশ্য ভাঙনের কৌশল কিছুটা আলাদা। উচ্চকক্ষে দল ভাঙার জন্য প্রয়োজনীয় সংখ্যার সমীকরণ তৈরি করা কঠিন হওয়ায়, একযোগে দলত্যাগের বদলে সাংসদরা পর্যায়ক্রমে পদত্যাগের পথ বেছে নিচ্ছেন বলে সূত্রের দাবি। প্রথমে সুখেন্দুশেখর রায়, পরে সুস্মিতা দেব, এরপর প্রকাশ চিক বরাইক এবং কোয়েল মল্লিক ইস্তফা দেন। রাজনৈতিক সূত্রের খবর, আগামী কয়েকদিনে আরও কয়েকজন রাজ্যসভার সদস্য পদত্যাগ করতে পারেন।

এদিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যতে যদি শূন্য হওয়া আসনগুলিতে উপনির্বাচন হয়, তবে তার ফলাফল নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করলে সেখানে কোয়েল মল্লিকের নাম বিশেষভাবে নজর কাড়ে। এপ্রিল মাসে তিনি দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথও নেন। সেই সময় তিনি বলেছিলেন, দেশের ও মানুষের সেবার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের আবহে মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর এই সিদ্ধান্তকে তৃণমূলের সঙ্গে দূরত্ব বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।