Header AD

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতার বিমান পরিষেবা, একাধিক উড়ানের রুট পরিবর্তন

Flights rerouted

শুক্রবার রাতে কালবৈশাখীর তীব্র দাপটে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) পরিষেবায় বড়সড় প্রভাব পড়ে। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি অন্তত চারটি বিমান। বাধ্য হয়ে এই বিমানগুলিকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এই চারটি বিমানের মধ্যে দুটি আন্তর্জাতিক—একটি দুবাই এবং অন্যটি ব্যাংকক থেকে আসছিল। কলকাতায় নামার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাই দুবাই এবং থাই এয়ারওয়েজ়ের এই দুটি বিমানকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করানো হয়। দুবাই থেকে আসা বিমানটি রাত ১টা ৩ মিনিটে এবং ব্যাংকক থেকে আসা বিমানটি রাত ১টা ৪৭ মিনিটে ঢাকায় নামে।

অন্যদিকে, দেশের ভিতরের দুটি বিমানও সমস্যায় পড়ে। হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগো বিমানের গতিপথ বদলে নাগপুরে পাঠানো হয়। একইভাবে বেঙ্গালুরু থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানকে লখনউয়ে নামানো হয়।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানও ঝড়ের কারণে সমস্যায় পড়ে। রাত ১১টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণের কথা থাকলেও তা সম্ভব হয়নি। বিমানটি রাত ১২টা ২৫ মিনিট নাগাদ কলকাতার আকাশে পৌঁছয় এবং প্রায় ৫৫ মিনিট ধরে আকাশে চক্কর কাটে। পরে রাত ১টা ২০ মিনিট নাগাদ বিমানটি অবতরণের অনুমতি পায়।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিমানও খারাপ আবহাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটার পর অবতরণ করতে সক্ষম হয়।

সব মিলিয়ে কালবৈশাখীর প্রভাবে পরপর দু’দিন কলকাতা বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।