Header AD
Trending

বাতিল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন! পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক মমতার

mamata maynaguri

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্রমেই চাপে পড়ছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation)। এবার সেই টানাপোড়েনের জেরেই বাতিল হয়ে গেল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। পুরসভা সূত্রে খবর, প্রশাসনিক স্তরে সমন্বয়ের অভাব এবং আধিকারিকদের একাংশের অসহযোগিতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কার্যত অস্বস্তিতে পড়েছেন তৃণমূল পরিচালিত পুরবোর্ডের মেয়র ও মেয়র পারিষদেরা। বৃহস্পতিবার পুরসভার সচিবের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, শুক্রবার নির্ধারিত মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। তবে কেন এই বৈঠক বাতিল করা হল, সে বিষয়ে সরকারি ভাবে কোনও কারণ জানানো হয়নি। শুধু তাই নয়, কবে ফের এই অধিবেশন ডাকা হবে, সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। পুর প্রশাসনের অন্দরে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা শুরু হয়েছে।এই পরিস্থিতিতে দলীয় পুর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেল চারটায় নিজের কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি মোকাবিলা এবং দলীয় কাউন্সিলরদের মধ্যে বার্তা পৌঁছে দিতেই এই বৈঠক। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কলকাতা পুরসভার অন্দরে প্রশাসনিক সমীকরণ বদলাতে শুরু করেছে। বিশেষ করে পুর কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম-এর দূরত্ব এর জন্য দায়ী বলেই পুরসভা সূত্রে জোর জল্পনা। এর মধ্যেই কলকাতা পুরসভার তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-র ১৭টি সম্পত্তিতে নোটিস পাঠানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে অস্বস্তি আরও বেড়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।

বর্তমান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা নিয়েও জল্পনা ছড়াতে শুরু করেছে। সেই আবহে ফের চাঞ্চল্য তৈরি হয় বোরো ৯-এর ফিরহাদ ঘনিষ্ঠ চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের ইস্তফাকে কেন্দ্র করে। ফলে পুর প্রশাসনের ভিতরে বিভাজন ও অসন্তোষের প্রশ্ন আরও জোরাল হয়েছে। প্রশাসনিক টানাপোড়েনের জেরেই কার্যত অচলাবস্থার মুখে পড়েছে কলকাতা পুরসভা।

ইতিমধ্যেই কলকাতা পুরসভার প্রশাসনিক স্তরেও বড় রদবদল করা হয়েছে। পুরসভার সচিব পদ থেকে সরানো হয়েছে স্বপনকুমার কুন্ডুকে। তাঁকে ওএসডি পদে পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তাঁর জায়গায় নতুন পুরসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিশোরকুমার বিশ্বাসকে। এতদিন তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।

এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।