Header AD
Trending

সিপিএমের আইনজীবী ‘চাকরিখেকো’! বিস্ফোরক তথ্য ফাঁস কুণাল ঘোষের

এবার সিপিএমের এক আইনজীবীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, সিপিএমপন্থী এক মহিলা আইনজীবী তাঁরই সহকর্মী ও দলের এক আইনজীবীর বিরুদ্ধে গুরুতর অপকর্মের অভিযোগ তুলে পার্টির রাজ্য সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, ওই চিঠিতে উল্লেখ রয়েছে—কীভাবে অভিযুক্ত আইনজীবী বিভিন্ন নেতার নাম ব্যবহার করে এবং মিডিয়ার প্রচারকে কাজে লাগিয়ে নানা অনৈতিক কাজ করে চলেছেন। যেহেতু অভিযোগকারী নিজেও পার্টির সদস্য, তাই সরাসরি থানায় যাওয়ার বদলে প্রথমে দলীয় নেতৃত্বের কাছেই বিচার চেয়েছেন বলে দাবি তৃণমূল নেতার। কুণাল আরও জানান, চারজন নেতার কাছে ওই চিঠির কপি রয়েছে এবং একটি কপি তাঁর হাতেও এসেছে। যদিও তিনি স্পষ্ট করেছেন, এখনই চিঠিটি প্রকাশ করার সময় আসেনি।

নিজের পোস্টে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘সিপিএম কি এই অভিযোগ খতিয়ে দেখবে?’ তিনি আরও দাবি করেন, অভিযোগকারী মহিলা আইনজীবী নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কুণালের কথায়, মামলা ও চাকরি সংক্রান্ত জটিলতার রাজনীতি এবং মিডিয়ায় প্রভাব খাটানোর প্রবণতায় অভ্যস্ত ওই আইনজীবীকে রক্ষা করতে কি আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা নামবেন?

যদিও কুণাল ঘোষ নিজেই স্বীকার করেছেন, অভিযোগপত্রের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত আইনজীবীর নামও তিনি প্রকাশ করেননি। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ইঙ্গিতটি হয়তো বিকাশরঞ্জন ভট্টাচার্য-এর দিকেই। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কারও তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।