পয়লা বৈশাখ পেরোলেই বাংলায় নির্বাচনের দিনক্ষণ দরজায় কড়া নাড়বে। আর মাত্র দিন দশেক। তারপরই ২৩ তারিখ রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগেই দলের প্রার্থীদের চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে উদ্যোগী তৃণমূল। সেই লক্ষ্যেই মঙ্গলবার রাতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, রাত ৮টা নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকবেন দলের সব প্রার্থী, সাংসদ এবং দলের অভিজ্ঞ নেতৃত্ব। বিশেষ করে প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী কৌশল বুঝিয়ে দিতে পারেন অভিষেক বলেই মনে করা হচ্ছে।
এই বৈঠকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় উঠে আসতে পারে। তা হল—আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি। তৃণমূলের অভিযোগ, এই পদক্ষেপের পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। ফলে প্রচারের বাকি দিনগুলিতে এই ইস্যুকে কীভাবে জনতার সামনে তুলে ধরা হবে, সেই দিকনির্দেশও দেওয়া হতে পারে বলে খবর।
এদিকে ভোটের আগেই রাজ্যে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার কোচবিহারে জনসভা এবং ময়নাগুড়িতে রোড শো করার কথা রয়েছে অভিষেকের। তারপর কলকাতায় ফিরে তিনি এদিন ভার্চুয়াল বৈঠক করবেন। উল্লেখ্য বুধবার আর এক দফার প্রচারে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা।
রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক প্রার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি ভোটযুদ্ধের আগে শেষ মুহূর্তের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।





