দীর্ঘ নয় বছরের দায়িত্ব সামলে অবশেষে রাজ্যের মহিলা কমিশনের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। মঙ্গলবার রাতেই তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। যদিও এখনও পর্যন্ত কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি নিজেই।
লীনার কথায়, কয়েকদিন আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বার্তা দেওয়া হয়নি। জানা গিয়েছে, বুধবার মহিলা কমিশনের দপ্তরে একটি বৈঠকে ডাকা হয়েছে তাঁকে। সেখানেই সম্ভবত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করা হতে পারে।
গত এপ্রিল মাসে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর পর থেকেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টের কর্ণধার তথা মহিলা কমিশনের সভাপতি লীনার পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই সময় ‘ম্যাজিক মোমেন্টস’-কে ঘিরে নানা বিতর্ক সামনে আসে এবং টলিউডের একাংশ সরব হয়ে তাঁর পদত্যাগ দাবি করে। এরপর রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে সেই জল্পনাই আরও জোরালো হয়।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর প্রশাসন ও সংস্কৃতি জগতের বিভিন্ন স্তরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সেই আবহেই লীনার এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে দেখছেন।বিশেষ করে নতুন সরকারে নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী-রাজনীতিক অগ্নিমিত্রা পাল— এই ঘটনাকেও অনেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
উল্লেখ্য, মহিলা কমিশনের সভাপতির পদে টানা নয় বছর থাকার সুযোগ থাকলেও, আগামী জুলাইয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়। ফলে এখন প্রশ্ন উঠছে, রাজনীতি ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি কি আবারও টেলিভিশনের জগতে সক্রিয় হবেন? নজর থাকবে সেদিকেই।





