Header AD
Trending

‘বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না!’ বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা অভিষেকের

ab baraboni

বুলডোজারের হুঁশিয়ারিতে একেবারেই দমছেন না অভিষেক, মঙ্গলবার জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার নোটিশের প্রেক্ষিতে তৃণমূল সাংসদের গর্জন, “বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না। বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে।”

কলকাতা পুরসভার নোটিস ঘিরে সোমবার থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চায় রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র দুটি বাড়ি। একটি হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’, অন্যটি কালীঘাট রোডের বাড়ি। অভিযোগ, ওই দুই সম্পত্তিতে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে। সেই কারণেই পুরসভার তরফে পাঠানো হয়েছে ভাঙার নোটিশ।

মঙ্গলবার কালীঘাটে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “ওরা যা খুশি করুক। আমার বাড়ি ভেঙে দিক, নোটিশ পাঠাক। আমি এসবের কাছে মাথা নত করব না।” পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তাঁর রাজনৈতিক লড়াই চলবে বলেও জানান তিনি। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীকে নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “আমাদের রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু বর্তমান জনের মতো কেউ নন। যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, তাকেই মুখ্যমন্ত্রী বানানো হয়েছে!”

পুরসভার দাবি, ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়িতে প্ল্যান-বহির্ভূত নির্মাণ রয়েছে। সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পুরসভা নিজেই ভাঙার কাজ করবে বলেও নোটিসে উল্লেখ রয়েছে।

হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে পরিচিত অভিষেকের বাসভবন হিসেবে। সেখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন তিনি। এছাড়াও কালীঘাট রোডের বাড়িটি তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে হলেও, সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি হিসেবেও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।