শনিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ও পাঞ্জাবের (PBKS vs DC) ম্যাচ চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটমহল। পাঞ্জাবের পেসার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) একটি ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার জেরে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে এবং তাঁকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাঁর পরিবর্তে মাঠে নামেন দুশমন্ত চামিরা।
ঘটনাটি ঘটে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে। অক্ষর পটেলের (Axar Patel) বলে ব্যাটার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) উঁচু শট খেললে ক্যাচ ধরতে পিছনের দিকে দৌড়ে যান এনগিডি। ক্যাচটি তালুবন্দি করতে না পারলেও ভারসাম্য হারিয়ে জোরে মাটিতে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় তাঁর মাথা সজোরে মাটিতে আঘাত করে। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাথা চেপে ধরে মাঠেই শুয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার এই তারকা বোলার।


পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। দূর থেকে দেখে মনে হচ্ছিল, এনগিডি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়েছিলেন। যদিও পরে তাঁকে সামান্য সাড়া দিতে দেখা যায়। তবে তখনই স্পষ্ট হয়ে যায়, এই ম্যাচে আর তাঁর পক্ষে খেলা সম্ভব নয়।
পরবর্তীতে মাঠে অ্যাম্বুল্যান্স আনা হয় এবং স্ট্রেচারের সাহায্যে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তুলতে কিছুটা বেগ পেতে হয় চিকিৎসকদের। সেই সময় তাঁর পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে ছিলেন সতীর্থ ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), ডেভিড মিলার (David Miller)। চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন পাঞ্জাব দলের কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। এনগিডিকে হাসপাতালে পাঠানোর পরই পুনরায় ম্যাচ শুরু হয়।
এই ঘটনায় মাঠে উপস্থিত ক্রিকেটার থেকে দর্শক— সকলের মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। এখন সকলের নজর এনগিডির শারীরিক অবস্থার আপডেটের দিকে।




