মালদহে ভোটার তালিকা (SirinBengal) থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। বুধবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল থেকে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ আন্দোলন।
বিক্ষোভকারীদের দাবি, প্রয়োজনীয় সমস্ত বৈধ নথি জমা দেওয়ার পরও তাঁদের নাম ভোটার তালিকা (Supplimentary list) থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে ক্ষুব্ধ মানুষজন ১২ নম্বর জাতীয় সড়ক (12no National Highway) অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে অবরোধ জোরদার করা হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে মালদহ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
এর আগে বুধবার কালিয়াচক এলাকায় একই ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ক্ষুব্ধ জনতা কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে সাতজন বিচারককে ঘেরাও করে রাখেন, যাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন। দীর্ঘক্ষণ ধরে তাঁদের আটকে রাখা হয় বলে জানা যায়। পরে গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারকদের উদ্ধার করে।
পরপর এই দুই দিনের ঘটনায় মালদহ জেলায় উত্তেজনা এখনও থামেনি, প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।





