Header AD
Trending

বারুইপুরের মৃতার পরিবারের সঙ্গে কথা মমতা-অভিষেকের, বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ, সকালে সরলো পাহারা

mamata baruipur

রবিবারই এক পৈশাচিক ঘটনার সাক্ষী থেকেছে বারুইপুর। ১১ বছরের নাবালিকা ‘ধর্ষণ ও খুনে’র অভিযোগে সারাদিন জনরোষে কার্যত উত্তাল ছিল গোটা এলাকা। মূল অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যুর খবর মিলেছে।যদিও ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন। ঘটনার রাতে নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এরপরই একটি ভিডিও বার্তায় আচমকা তাঁর বাড়ির সামনে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। তাঁকে নজরবন্দি করা হয়েছে বলে অভিযোগ করেন। সোমবার সকালে সেই পাহারা সরানো হয় বলে খবর।

বারুইপুরের মর্মান্তিক ঘটনার খবর পেয়ে তৃণমূল নেত্রী নাকি একাই সেখানে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।খবর এরপরই রবিবার সন্ধ্যায় আচমকাই কালীঘাটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় এক ভিডিও বার্তায় ক্ষোভ উগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। কিন্তু প্রশ্ন হল, এমন কী ঘটল যে হঠাৎ আমার বাড়ির সামনে সিআরপিএফ, আরপিএফ মোতায়েন করা হল? আমরা চোর না ডাকাত? কোনও দিন দাঙ্গা করেছি? আমি তো এখন একা, একা যাব বলেছিলাম। আমাকে নিয়ে এত চিন্তা কেন? আমাকে নজরবন্দি করা হয়েছে কেন? আপনারা কী চাইছেন আমি বুঝতে পারছি না?”

সেই পাহারা অবশ্য সোমবার সকালে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। মমতাপন্থী তৃণমূলীদের একটি দল বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন। সেই দলে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন প্রমুখ।

উল্লেখ্য, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১১ বছরের ওই নাবালিকা। রবিবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে সকালে থেকেই উত্তপ্ত ছিল বারুইপুর। এক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। খবর পেয়েই নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয় সিট। গ্রেপ্তার করা হয় ২ জনকে। অভিযুক্তদের সোমবার আদালতে পেশ করা হবে।