Header AD

আইনজীবির পোশাকে হাইকোর্টে মমতা! ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে সওয়াল বাম-তৃণমুলের

mamata hc

কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) এবার আইনজীবীর ভূমিকায় দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে হাজির হন তিনি। এই মামলায় নিজেই সওয়াল করেন তৃণমূল সুপ্রিমো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল।

বৃহস্পতিবার সকালে আইনজীবীদের কালো গাউন ও ব্যান্ড পরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কলকাতা হাইকোর্ট চত্বরে ঢুকতে দেখা যায়। সেই ছবি ঘিরে রাজনৈতিক ও আইন মহলে ব্যাপক চর্চা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার আন্দোলনের ময়দানে সরব হলেও আদালতে আইনজীবীর ভূমিকায় মমতার উপস্থিতি কার্যত নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, দলীয় কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ সামনে এসেছে। একাধিক জায়গা থেকে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শাসকদলের সমর্থকরা। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এই মামলাটির শুনানিতে প্রধান বিচারপতির এজলাসে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করেন তিনি। বলেন, “এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা।এটা বুলডোজার রাজ্য নয়। বাংলার মানুষকে বাঁচান।” এই মামলায় মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল করেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, নিউ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর এবার ভরাডুবি হয়েছে শাসকদলের। অন্যদিকে, দু’শোর বেশি আসন জিতে প্রথমবারের জন্য বাংলার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের ফল প্রকাশের পরই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জনগণের রায় মেনে নেওয়ার কথা বলেন। একইসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে তিনি নিজেকে মুক্ত বিহঙ্গ’ বলে উল্লেখ করে বলেন, “আমার কোনও চেয়ার নেই, আমি একজন সাধারণ মানুষ। আমার কোনও অসুবিধা হচ্ছে না তাতে। এবার আমি রাস্তায় নামব। আইনজীবী হিসাবে কাজ করব।”

সেদিনের কথা অনুযায়ী আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট চত্বরে উকিলের পোশাক পরিধানে তাকে দেখতে পাওয়া যায়।এর আগেও আদালতে আইনি লড়াইয়ে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়-কে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে মামলার শুনানিতে তিনি সরাসরি সুপ্রিম কোর্ট-এ সওয়াল করেছিলেন। সে সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। এবার বিধানসভা নির্বাচনের পর বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক সমীকরণ। ক্ষমতা হারিয়ে বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। আর সেই আবহেই ফের আইনজীবীর ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।