Header AD

রামনবমী ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

mamata maynaguri

রামনবমী ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে রাজ্যের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের ‘এক্স’হ্যান্ডেল-এ পোস্ট করে তিনি উৎসবের এই শুভক্ষণে সকলের মঙ্গল কামনা করেন এবং রাজ্যজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

রামনবমী উপলক্ষে তিনি লেখেন, ‘এই পবিত্র দিনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক।’ পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত শোভাযাত্রা ও ধর্মীয় কর্মসূচিগুলি যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই কামনাও করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে সকলকে সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করার বার্তা দেন।

অন্যদিকে, অন্নপূর্ণা পুজো উপলক্ষেও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেবী অন্নপূর্ণার প্রতি প্রার্থনা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন— “তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা, অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ। সকলকে জানাই অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভনন্দন।”

এদিন রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা, কলসযাত্রা ও পুজোর আয়োজন করা হয়েছে। তবে কিছু এলাকায় উত্তেজনার ঘটনাও সামনে আসে, বিশেষ করে নিউটাউনে একটি শোভাযাত্রায় অস্ত্র ব্যবহারের অভিযোগকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পুলিশ হস্তক্ষেপ করলে আয়োজকদের সঙ্গে বচসা হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে— তিনি সকলকে শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার আবেদন জানিয়েছেন, যাতে উৎসবের আনন্দ কোনওভাবেই বিঘ্নিত না হয়।