১৪৩২-কে বিদায় জানিয়ে শুরু হল বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এই বিশেষ দিন উপলক্ষে রাজ্যবাসীকে অভিনব উপায়ে শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের লেখা ও সুর করা একটি গানের মাধ্যমে তিনি তুলে ধরলেন নতুন বছরের আশা ও আলোর বার্তা— “আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, / নতুন বছর এসো মিষ্টি করে।” পাশাপাশি বাংলা দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রায় তিন মিনিট তেরো সেকেন্ডের এই গানে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলার বিভিন্ন উৎসবে নিজের লেখা ও সুর করা গান দিয়ে শুভেচ্ছা জানানোর একটি আলাদা ধারা তৈরি করেছেন তিনি। এবারের নববর্ষেও তার ব্যতিক্রম হয়নি। পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমে তিনি পয়লা বৈশাখে বাংলার মানুষের উদ্দেশে ঐক্য, সম্প্রীতি এবং উন্নয়নের বার্তা তুলে ধরেছেন।
নতুন বছরের শুরুতে এই সৃজনশীল উদ্যোগ যেন আরও একবার মনে করিয়ে দিল— সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমেই মানুষের সঙ্গে গভীর সংযোগ গড়ে তোলা সম্ভব।





