Header AD

৮ এপ্রিল ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন মমতা, তার আগে টানা প্রচার রাজ্যজুড়ে

mamata campaign

আগামী ৮ এপ্রিল কলকাতায় র‍্যালি করে মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই উপলক্ষে ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত তাঁর বিস্তৃত নির্বাচনী কর্মসূচির তালিকা প্রকাশ করেছে তৃণমূল শিবির (TMC)। এবার রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে—২৩ ও ২৯ এপ্রিল। সে অনুযায়ী প্রচারের সময়সূচি সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প সময়ের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় সভা করে প্রচার চালাবেন তিনি।

বুধবার বীরভূমের নানুরে সভা দিয়ে কর্মসূচি শুরু করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে মুর্শিদাবাদের বড়ঞা ও নবগ্রামে পরপর জনসভা করেছেন। ২ এপ্রিল মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতিতে সভা করবেন, পরে মালদহের বৈষ্ণবনগরে যাবেন। ৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভার পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভা করবেন তিনি। একই দিনে মালদহের হবিবপুরেও সভা রয়েছে। ৪ এপ্রিল মালদহের মানিকচক, রতুয়া, মালতিপুর ও গাজোলে একাধিক সভায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো।

৫ এপ্রিল ফরাক্কা ও সামশেরগঞ্জে প্রচার সভার পাশাপাশি বীরভূমের মুরারই এবং মুর্শিদাবাদেও জনসভা করবেন তিনি। ৬ এপ্রিল নদিয়ার কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে সভা রয়েছে। ৭ এপ্রিল রানাঘাট, বনগাঁ এবং বারাসতের গুমাবাজারে সভা করবেন মমতা।

টানা এই প্রচার পর্ব শেষ করে ৮ এপ্রিল কলকাতায় মিছিল করে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।