বঙ্গের ভোটের প্রাক্কালে কলকাতায় আয়কর দপ্তরের (Incometax Raids) তৎপরতা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতেও হানা দেয় আয়কর আধিকারিকরা। জানা গিয়েছে, মিরাজ শাহ নামে ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়নের প্রস্তাবকদের একজন। তাঁর এলগিন রোডের বাসভবনে আয়কর বিভাগের এই তল্লাশি ঘিরে শাসকদলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ভবানীপুর এডুকেশন সোসাইটির সঙ্গে যুক্ত মিরাজ শাহ ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মালিক ও ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়াও তিনি ভবানীপুর অঞ্চলে একটি গুজরাটি সংগঠনের নেতৃত্বেও রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আয়কর দপ্তরের আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেন। বাড়ির কর্মচারী ও সহায়কদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। যদিও বাড়ির নিরাপত্তারক্ষী জানিয়েছেন, এই তল্লাশি সম্পর্কে আগে থেকে তাঁর কোনও ধারণা ছিল না। আয়কর সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রেই এই অভিযান। অভিযোগ রয়েছে, বিতর্কিত জমি ক্রয় ও ভুয়ো নথি তৈরির সঙ্গে তিনি যুক্ত থাকতে পারেন।
অন্যদিকে, ভোটের মুখে এই ধরনের পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের অন্যতম নেতা কুণাল ঘোষ এই ঘটনাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।




