শনিবার দুপুরে আবারও সমস্যার মুখে পড়লেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীরা। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো হঠাৎ কালীঘাট স্টেশনে দাঁড়িয়ে পড়ে, যার ফলে পরিষেবায় ব্যাঘাত (Metro service disruption) ঘটে। দুপুর প্রায় ১টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই বিপত্তি, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, এর আগেও সম্প্রতি মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটেছিল। গত মঙ্গলবার হাওড়া থেকে সেক্টর ফাইভগামী মেট্রো প্রায় আধ ঘণ্টা বন্ধ ছিল। সেই সময় হাওড়া স্টেশন থেকে ঘোষণা করা হয়, নতুন করে যাত্রীদের টিকিট না কাটতে। যদিও স্মার্ট কার্ড ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে যেতে দেওয়া হয়। পরে মেট্রো কর্তৃপক্ষ জানায়, গ্রিন লাইনের মহাকরণ স্টেশনে রাবার ফেন্ডারে আগুনের ঘটনা ঘটেছিল। দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হলেও নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়।
অন্যদিকে, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। কখনও আত্মহত্যার চেষ্টা, কখনও যান্ত্রিক ত্রুটি—প্রায় প্রতি সপ্তাহেই কোনও না কোনও কারণে বিঘ্ন ঘটে পরিষেবায়। এর ফলে বিশেষ করে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের।
শনিবারের এই ঘটনার কারণ এখনও পর্যন্ত পরিষ্কার না হওয়ায় উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্যে।





