ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে বড় ধাক্কা। দলের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মিগুয়েল ফিগুয়েরাকে (Miguel Figuera) দু’ম্যাচের জন্য নির্বাসিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) এই সিদ্ধান্তে আগামী ২৮ এপ্রিল ওড়িশা (Odisha FC) এবং ৫ মে মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাবে না ইস্ট বেঙ্গল। পাশাপাশি মিগুয়েলের উপর ৪০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।
বেঙ্গালুরুর (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে ফেডারেশন সূত্রে জানা গিয়েছে। প্রথমে তাঁর তিন ম্যাচ নির্বাসনের আশঙ্কা থাকলেও, শাস্তি কমানোর আবেদন জানায় ইস্টবেঙ্গল। সেই আবেদনের ভিত্তিতে মিগুয়েলের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত দু’ম্যাচ নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এখানেই থামছে না লাল-হলুদ শিবির। ক্লাব সূত্রে খবর, শাস্তি আরও কমানোর আবেদন জানিয়ে আপিল কমিটির দ্বারস্থ হওয়ার প্রস্তুতি চলছে। কারণ, খেতাবের লড়াইয়ে টিকে থাকতে দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলারের অনুপস্থিতি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কোচিং স্টাফ।
এদিকে ওড়িশার বিরুদ্ধে আসন্ন ম্যাচ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত কলকাতায় হওয়ার কথা থাকলেও বিধানসভা নির্বাচনের (ElectioninBengal) কারণে পুলিশ অনুমতি না দেওয়ায় ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে গোয়ায়। নিরপেক্ষ মাঠে সমর্থকহীন পরিবেশে খেলতে হবে ইস্টবেঙ্গলকে, যা দলের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
এই কঠিন পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তির খবর রশিদকে (Mohommed Rashid) ঘিরে। চোট কাটিয়ে তিনি ধীরে ধীরে মূল দলের অনুশীলনে ফিরছেন। পরের ম্যাচে তাঁকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে বলে আশাবাদী দল। বর্তমানে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল (ISL2026) তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এখন মিগুয়েলকে ছাড়াই দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।




