Header AD
Trending

ধর্মের ভিত্তিতে সরকারি অনুদান নয়, বন্ধ পুরোহিত-ইমামদের ভাতা! ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

agni mitra

ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত সরকারি প্রকল্পে ইতি টানল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বড় ঘোষণা করলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানান, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত কোনও প্রকল্প আর চালু রাখা থাকবে না। চলতি মাস পর্যন্ত উপভোক্তারা সুবিধা পেলেও আগামী মাস থেকেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই ধরনের সমস্ত প্রকল্প। এদিন মন্ত্রী অগ্নিমিত্র পাল স্পষ্ট ভাষা জানিয়ে দেন, “ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।”

নির্বাচনের আগে ‘ভাতা নয়, ভাত চাই’ স্লোগান তুলে রাজ্যজুড়ে প্রচার চালিয়েছিল বিজেপি। সংকল্পপত্রে কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েই বাংলার ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথাতেই সেই প্রতিশ্রুতির পথে বড় পদক্ষেপের ইঙ্গিত মিলল নবান্নে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নির্দেশে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।

নতুন সরকারের এই ঘোষণার পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এবার বন্ধ হতে চলেছে মমতা জমানায় চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিত ভাতাও? যদিও সরকারিভাবে এখনও পৃথকভাবে সেই প্রকল্পগুলির নাম ঘোষণা করা হয়নি, তবুও ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত সহায়তা প্রকল্প বন্ধের সিদ্ধান্তের পর থেকেই এমনই ইঙ্গিত মিলছে প্রশাসনিক সূত্রে।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পুরোহিত, ইমাম ও মোয়াজ্জেমদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প চালু হয়েছিল। সেই সময় থেকেই এই ভাতা প্রকল্পগুলিকে ‘তোষণের রাজনীতি’ বলে কটাক্ষ করত বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল, উন্নয়ন ও কর্মসংস্থানের বদলে ভাতানির্ভর রাজনীতি চালিয়ে রাজ্যের আর্থিক কাঠামো দুর্বল করে দেওয়া হয়েছে।ক্ষমতায় আসার পর মাত্র কয়েক দিনের মধ্যেই ধর্মের ভিত্তিতে পরিচালিত প্রকল্পগুলিতে ইতি টানার সিদ্ধান্তকে তাই রাজনৈতিক মহলের একাংশ ‘সংস্কারমুখী পদক্ষেপ’ বলেই ব্যাখ্যা করছে।