এলআইসি-র (Life Insurance Corporation of India) জমি জবরদখলের অভিযোগে এবার বড়সড় চাপে পড়ল নিউ আলিপুর সুরুচি সংঘ। সেই সঙ্গে আরও বিপাকে সুরুচির বিশ্বাস ব্রাদার্সরাও। বিমা সংস্থার পক্ষ থেকে ক্লাবকে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট জমি খালি করতে হবে।
শনিবার ক্লাবের দেওয়ালে সেই নোটিশ টাঙানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি না করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এলআইসি।
অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) নিউ আলিপুরে এলআইসি-র ৪৯৮, ৪৯৯, ৫০০ এবং ৫০১ নম্বর প্লট দখল করে সেখানে সুরুচি সংঘ ক্লাব নির্মাণ করেছেন। শুধু জমি দখলই নয়, সেখানে বেআইনি নির্মাণের অভিযোগও উঠেছে।
এর আগেও একাধিকবার সুরুচি সংঘের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিল এলআইসি। তবে অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এতদিন জমি খালি করা হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নিজেদের জমি পুনরুদ্ধারে নতুন করে সক্রিয় হয়েছে বিমা সংস্থা। কয়েকদিন আগেই জমি উদ্ধারের দাবিতে আলিপুর থানার দ্বারস্থ হন এলআইসি-র আধিকারিকরা।
উল্লেখ্য, সুরুচি সংঘের উদ্যোগে প্রতি বছর আয়োজিত দুর্গাপুজো কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব ঘিরে বিতর্কও কম নয়। ইতিমধ্যেই হেনস্তা ও তোলাবাজির মতো একাধিক অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, মেসি-কাণ্ডে বারবার নোটিশ পাওয়ার পর হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাসও। এই পরিস্থিতির মধ্যেই এলআইসি-র জমি খালি করার নোটিশ নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে।একই সঙ্গে সুরুচি সংঘের পুজোকেও বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।





