Header AD

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কড়া পদক্ষেপ, হিংসাপ্রবণ এলাকা পরিদর্শনের নির্দেশ নবান্নের

home affairs

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Bengal Election 2026) সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ECI) ও রাজ্য প্রশাসন। এবার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের জন্য নতুন করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে নবান্ন (Nabanna)।

নির্দেশিকায় বলা হয়েছে, যেসব এলাকায় অতীতে ভোটের সময় হিংসা বা অশান্তির ঘটনা ঘটেছে, সেইসব এলাকা ও বুথ দ্রুত পরিদর্শন করতে হবে প্রশাসনিক কর্তাদের। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা, ২০২৩ সালের পঞ্চায়েত এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় যেসব জায়গায় গোলমাল হয়েছিল, সেগুলিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই পরিদর্শন শেষ করে ১৬ তারিখ বিকেল ৫টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলাশাসকদের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে যৌথভাবে এই পরিদর্শন করতে বলা হয়েছে, যাতে পরিস্থিতির সঠিক মূল্যায়ন করা যায়। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে মোবাইল, স্যাটেলাইট এবং ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা জোরদার করার ওপরও জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভোটকর্মীদের জন্যও কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তাদের সর্বদা নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনও রাজনৈতিক প্রভাব বা সাহায্য গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনও ধরনের উপহার বা সুবিধা নেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ভোট শুরুর আগে বাধ্যতামূলকভাবে মক পোল করার কথা বলা হয়েছে। এছাড়া ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন পরীক্ষা করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট চলাকালীন কোনও সমস্যা বা অনিয়ম চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে ইসিআইনেট অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে। আসন্ন নির্বাচনে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল।