Header AD
Trending

ফের হবে নিট ইউজি ২০২৬ পরীক্ষা! নতুন দিন ঘোষণা করল এনটিএ

neet

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট আন্ডার গ্র্যাজুয়েট (NEET UG) ২০২৬ পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শুক্রবার সংস্থার এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, আগামী ২১ জুন, রবিবার ফের অনুষ্ঠিত হবে নিট ইউজি ২০২৬ পরীক্ষা।

গত ৩ মে সারা দেশে নিট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই একের পর এক প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত মঙ্গলবার পুরো পরীক্ষাই বাতিল করার সিদ্ধান্ত নেয় এনটিএ (NTA)। এর জেরে অনিশ্চয়তার মুখে পড়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ।

পরীক্ষা বাতিল এবং নতুন করে পরীক্ষা প্রসঙ্গে এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং আগেই জানিয়েছিলেন, নতুন করে কোনও রেজিস্ট্রেশন করতে হবে না এবং পরীক্ষার্থীদের অতিরিক্ত ফিও দিতে হবে না। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন, ৭ থেকে ১০ দিনের মধ্যেই পুনরায় পরীক্ষার সূচি প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই আজ নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হল।

এদিকে, বারবার প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষোভ বাড়ছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের একাধিক শিক্ষা-মাফিয়ার যোগের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, দেশজুড়ে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে এই চক্রের কয়েকজন মূল অভিযুক্তও রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস, তৃণমূল ও আপ-সহ বিভিন্ন বিরোধী দল কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। দিল্লিতে শিক্ষামন্ত্রকের সামনে বিক্ষোভে নেমেছে এসএফআই এবং এনএসইউআইয়ের কর্মীরা। অন্যদিকে, এবিভিপিও এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে।