Header AD
Trending

কলকাতা পুরসভায় তৃণমূলে নতুন ধাক্কা, মেয়র পারিষদের পদ ছাড়ছেন তারক সিং

Tarak Singh Resign

কলকাতা পুরসভায় তৃণমূলের (TMC) অন্দরে অস্বস্তি আরও বাড়ল। মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ কাউন্সিলর তারক সিং। পদত্যাগের কারণ হিসেবে তিনি পুরসভার কাজকর্মে অচলাবস্থা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ভূমিকা নিয়ে অসন্তোষের কথা প্রকাশ্যে তুলে ধরেছেন।

প্রায় দুই দশক ধরে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তারক সিং। কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বও সামলেছেন তিনি। সম্প্রতি বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দুই বরো চেয়ারম্যানের পদত্যাগের ঘটনা ঘটে। সেই আবহেই এবার মেয়র পারিষদের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারক সিং অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে পুরসভার স্বাভাবিক কাজকর্ম প্রায় থমকে গিয়েছে। তাঁর দাবি, প্রয়োজনীয় আধিকারিকদের অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বর্ষার আগে যে উন্নয়নমূলক পরিকল্পনাগুলি বাস্তবায়নের কথা ছিল, সেগুলিও এগচ্ছে না। এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও সরব হয়েছেন তারক। তাঁর প্রশ্ন, চলতি মাসে মেয়র পারিষদের বৈঠক না হলেও কেন সেই বিষয়ে কোনও আলোচনা বা উদ্যোগ নেওয়া হয়নি। এই বিষয়টিকে তিনি প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

এছাড়া, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পুরসভার নোটিশ পাঠানো নিয়ে বিতর্কের প্রসঙ্গও টেনেছেন তিনি। তারক সিংয়ের দাবি, ওই ঘটনায় মেয়রকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, পুরসভার কাজের জন্য নিয়মিত যাতায়াত করেও কার্যকরভাবে কাজ করতে না পারার হতাশা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তারক সিংয়ের এই পদত্যাগ কলকাতা পুরসভায় তৃণমূলের অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলল বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।