Header AD

সাগরদিঘিতে নতুন বিদ্যুৎ ইউনিট, বহরমপুরের সভা থেকে সরবরাহ শুরুর দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর। আগামী ১০ ডিসেম্বর থেকে এই কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরের জনসভা থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Baranjee)।

মুখ্যমন্ত্রী বলেন, “সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট সুপার ইউনিট পাওয়ার তৈরি করেছি আমরা। এটা রাজ্যের সব থেকে বড় ইউনিট। এই কেন্দ্র তৈরির ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baranjee) বলেন, “২০১৭ সালে আমরা ঘোষণা করেছিলাম সাগরদিঘিতে সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। এখন সেই সুপার পাওয়ার ইউনিট তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এটি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় ইউনিট নয়, উত্তর-পূর্ব ভারতে প্রথম সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি গড়ে তোলার জন্য আমি পাওয়ার ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাই। এই ইউনিটটি তৈরি করতে খরচ হয়েছে ৪৫৬৭ কোটি টাকারও বেশি। এখান থেকে আরও ১৬ লক্ষ ৭০ হাজার পরিবার নতুন করে বিদ্যুৎ পাবে।”

নতুন বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি এদিনের সভা থেকে চলতি প্রকল্প গুলির সাফল্যের কথাও তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, “১০০ দিনের টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ। তবু আমরা নিজেদের টাকায় ১৮৯টি কাজ সম্পন্ন করেছি। ১৩৬ কোটি টাকা ব্যয় করে নদীভাঙন রোধে ১৭টি প্রকল্প চালু হয়েছে। মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য নদী ভাঙন রোধে আমরা ২০০ কোটি টাকা বরাদ্দ করেছি।”